


কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক কিশোর ও এক গৃহবধূ আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত রিয়াজুল ইসলাম ওই গ্রামের কেরামত আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, সকালে রিয়াজুল বাড়ির পাশে নিজের জমিতে ধান কাটতে গিয়েছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে, একই সময়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে আরও দুইজন আহত হয়েছেন। বায়েজিদ (১৫) নামের এক কিশোর মাঠে ছাগল আনতে গিয়ে এবং ইশমেতারা নামের এক গৃহবধূ নিজের রান্নাঘরে থাকা অবস্থায় বজ্রাঘাতের শিকার হন। বায়েজিদ ওই ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে। বর্তমানে তাদের দুইজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আকস্মিক এই বজ্রপাতের ধরণ ও প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।