


সিলেট টেস্টে শুরুটা ছিল হতাশার, মাঝপথে ছিল ভয়াবহ ব্যাটিং ধসের শঙ্কা। তবে সব চাপ সামলে একাই লড়লেন লিটন কুমার দাস। তার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় বিপদ থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিনটা স্বস্তি নিয়ে শেষ করেছে বাংলাদেশ। লিটনের ব্যাটে ভর করে ২৭৮ রানের সংগ্রহ দাঁড় করানোর পর দিনের শেষ বিকেলে পাকিস্তানকে চাপে রাখারও চেষ্টা করেছে টাইগাররা।
শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়।
এরপর অভিষিক্ত তানজিদ তামিম ও মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তানজিদ ৩৪ বলে ২৬ রান করেন। তবে নিজের অভিষেক ইনিংস বড় করতে পারেননি তিনি। অন্যদিকে মুমিনুলও ৪১ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন।
মাঝের দিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। দুজনের ব্যাটে প্রথম সেশনে ৩ উইকেটে ১০১ রান তোলে বাংলাদেশ। কিন্তু লাঞ্চের পরই বদলে যায় দৃশ্যপট।
দ্বিতীয় সেশনে দ্রুত উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে টাইগাররা। শান্ত ৭৪ বলে ২৯ রান করে আউট হন। এরপর মুশফিক ৬৪ বলে ২৩ রান করে এলবিডব্লিউ হলে চাপ আরও বাড়ে। মিরাজ মাত্র ৪ রান করে ফেরার পর ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ।
ঠিক তখনই দলের হাল ধরেন লিটন কুমার দাস। ছয় নম্বরে নেমে ধৈর্য ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেলে গড়ে তোলেন দুর্দান্ত এক ইনিংস। তাকে গুরুত্বপূর্ণ সঙ্গ দেন তাইজুল ইসলাম। দুজনের জুটিতে কিছুটা স্বস্তি ফিরে পায় বাংলাদেশ।
তৃতীয় সেশনের শুরুতে তাইজুল ৪০ বলে ১৬ রান করে আউট হলেও থামেননি লিটন। একপ্রান্ত আগলে রেখে পাকিস্তানি বোলারদের ওপর পাল্টা চাপ তৈরি করেন তিনি। মাত্র ১৩৫ বলে তুলে নেন ক্যারিয়ারের অনবদ্য এক সেঞ্চুরি।
দুর্দান্ত এই ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫৯ বলে ১২৬ রান করেন লিটন। তার ব্যাটেই মূলত লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ। শেষ পর্যন্ত নাহিদ রানা শূন্য রানে আউট হলে ২৭৮ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।
দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে পাকিস্তান ২১ রান সংগ্রহ করে দিন শেষ করেছে। ২০ বলে ১৩ রান নিয়ে অপরাজিত আছেন আজান এবং ৮ রানে ক্রিজে আছেন আব্দুল্লাহ ফজল।
ব্যাটিং বিপর্যয়ের দিনে লিটনের মহাকাব্যিক ইনিংসই বাংলাদেশের জন্য হয়ে উঠেছে সবচেয়ে বড় স্বস্তির জায়গা।