


ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে আয়োজিত এক উঠান বৈঠকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, "নির্বাচনের দিন এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ধানের শীষ ছাড়া অন্য কিছু না দেখা যায়।" একইসাথে তিনি খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ায় জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানান।
সোমবার পরশুরাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুথুমায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং খালেদা জিয়ার পক্ষে প্রচারণা উপলক্ষে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে আবদুস সালাম বলেন, “খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন, তার আমলে ব্যবসা-বাণিজ্য করে আপনারা টাকাপয়সা ও ব্যাংকের মালিক হয়েছেন। জামায়াতের লজ্জা থাকা উচিত যে, তারা বেগম খালেদা জিয়ার আসনেই প্রার্থী দিয়েছে।”
তিনি আরও বলেন, “এখনো সময় আছে, বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে হাত-পা ধরে ক্ষমা চান। আমরা আপনাদের সাথে নির্বাচন করতে ভয় পাই না, কিন্তু নির্বাচনে আপনাদের জামানত থাকবে না। দুঃসময়ে বেগম জিয়া আপনাদের পাশে ছিলেন, আর আজ তাকেই আপনারা চ্যালেঞ্জ জানাচ্ছেন।” তিনি আশা প্রকাশ করেন, জামায়াত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবে।
এর আগে বিকেলে মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর সীমান্তে মুহুরী নদীর স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “বিএনপি জনগণের দল এবং জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়, ভোট চুরি করে নয়।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, "বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে প্রথমেই এই অঞ্চলের মানুষকে বাঁচাতে জনগণের ইচ্ছানুযায়ী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। কোনো কারণে বেড়িবাঁধ পুনর্নির্মাণ না হলে আমরা প্রয়োজনে আন্দোলন করব।"
দিনব্যাপী এই কর্মসূচিগুলোতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, জিয়া মঞ্চ ফেনী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে সকালে রফিকুল আলম মজনুর নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয়।