


বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা হিসেবে দিয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণার সময় মির্জা আব্বাস উল্লেখ করেন, তিনি প্রার্থনা করছেন যেন নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারেন।
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রায় নিয়মিত নির্বাচনি প্রচারণার সময় তাকে নিয়ে বিভিন্ন অভিযোগ করেন। এই প্রেক্ষাপটেই তিনি এমন মন্তব্য করেছেন।
মির্জা আব্বাস আরও অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল বানচালের জন্য কিছু দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করছে। তার দাবি, তারা নিজেরা যা করবে তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দিচ্ছে, কারণ তাদের সমর্থিত দল বর্তমানে ক্ষমতায় আছে।
তিনি প্রশ্ন তুলেছেন, যারা দেশের পরিচালনার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ ফেব্রুয়ারির পর ক্ষমতায় এসে ‘দেখে নেবো’ ধরণের হুমকি দিচ্ছে। মির্জা আব্বাসের মতে, তাদের এই সাহসের উৎস হলো সরকারের গুরুত্বপূর্ণ পদে বসানো তাদের লোক, যারা প্রয়োজন হলে নির্বাচনের ফলাফল নিজের ইচ্ছেমতো ম্যানিপুলেট করতে পারে।