Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / পাকিস্তানকে আবারও হারিয়ে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ-লক্ষ্যে সিমন্স - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাকিস্তানকে আবারও হারিয়ে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ-লক্ষ্যে সিমন্স

May 06, 2026 06:43:24 PM   ক্রীড়া ডেস্ক
পাকিস্তানকে আবারও হারিয়ে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ-লক্ষ্যে সিমন্স

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এবার দেশের মাটিতেও একই সাফল্য ধরে রাখতে চায় বাংলাদেশ। নতুন সিরিজকে সামনে রেখে দলকে ইতিহাস গড়ার লক্ষ্য দিয়েছেন কোচ ফিল সিমন্স

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই সিরিজে দুই ম্যাচেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ দল। এবার সেই স্মৃতি পেছনে ফেলে ঘরের মাঠে নতুন চ্যালেঞ্জে নামছে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের দল।

মিরপুরে সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স বলেন, আগের সিরিজের সাফল্য এখন অতীত এবং সেটিকে সামনে না এনে নতুন করে শুরু করতে হবে।

তার ভাষায়, “ওটা ইতিহাস ছিল। এখন আমরা নতুন ইতিহাস গড়তে চাই। শুক্রবারের ম্যাচের দিকেই আমাদের পুরো মনোযোগ।”

তিনি আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে আগের জয় দলকে আত্মবিশ্বাস দিয়েছে, তবে সেটি বর্তমান ম্যাচে কোনো বাড়তি সুবিধা নয়। এখন সম্পূর্ণ নতুন পরিবেশ, নতুন পরিস্থিতিতে খেলতে হবে।

সিমন্স জানান, ড্রেসিংরুমে কোনো অতিরিক্ত চাপ নেই। বরং বাইরে থেকে প্রত্যাশা অনেক বেশি। তার মতে, খেলোয়াড়রা প্রস্তুত এবং মাঠে নামার জন্য মুখিয়ে আছে।

তিনি আরও বলেন, আগের সাফল্যকে মাথায় রেখে খেললে চাপ তৈরি হতে পারে, তাই দল সবকিছু থেকে বিচ্ছিন্ন থেকে কেবল বর্তমান ম্যাচে মনোযোগ দিচ্ছে।

পাকিস্তানের বিপক্ষে নতুন সিরিজে আবারও ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামছে বাংলাদেশ, আর সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন কোচ ফিল সিমন্স।