Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে উপবৃত্তি হালনাগাদ সংক্রান্ত নতুন নির্দেশনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে উপবৃত্তি হালনাগাদ সংক্রান্ত নতুন নির্দেশনা

February 25, 2026 01:18:12 PM   দেশেরপত্র ডেস্ক
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে উপবৃত্তি হালনাগাদ সংক্রান্ত নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে শিক্ষার্থীদের অভিভাবক ও ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য হালনাগাদ করার জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই কার্যক্রম আগামী ৮ মার্চের মধ্যে সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত চিঠিতে বিষয়টি অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। চিঠিটি সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, বর্তমানে HSP-MIS সফটওয়্যারে সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও ‘অন্যান্য ব্যক্তিকে অভিভাবক’ হিসেবে নির্বাচন করা হয়েছে এবং সেই ব্যক্তির নামে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি দেওয়া হয়েছে। এ ধরনের শিক্ষার্থীদের তথ্য সংশোধন করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, এসব শিক্ষার্থীর জন্য বাবা-মাকে অভিভাবক হিসেবে নির্বাচন করতে এবং বাবা-মা বা শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে।

এছাড়া, যেসব শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও তাদের জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর HSP-MIS-এ এন্ট্রি করা হয়নি, সেক্ষেত্রেও শিক্ষার্থীর নিজের নামে ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে। অন্য কারো নামে হিসাব নম্বর এন্ট্রি করে অর্থ প্রাপ্তির কারণে যদি সরকারের কোনো আর্থিক ক্ষতি হয়, তবে এর দায়ভার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি অবহিত করবেন এবং কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে, ৮ মার্চের মধ্যে HSP-MIS সফটওয়্যারে সকল তথ্য সংশোধন বা হালনাগাদ সম্পন্ন করতে।