Date: April 24, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে: জামায়াত আমিরের সতর্ক বার্তা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে: জামায়াত আমিরের সতর্ক বার্তা

April 23, 2026 12:32:47 PM   অনলাইন ডেস্ক
প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে: জামায়াত আমিরের সতর্ক বার্তা

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে ধীরগতি ও জটিলতার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রবাসীরা কষ্টে থাকলে শুধু ব্যক্তি নয়, পুরো দেশই ঝুঁকির মুখে পড়তে পারে। এ সমস্যার দ্রুত সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি প্রবাসীদের নানা ভোগান্তির বিষয় তুলে ধরে সরকারের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট নবায়নে বিলম্ব ও প্রশাসনিক জটিলতা নিয়ে একাধিক অভিযোগ এসেছে। অনেকেই এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করেছেন বলেও জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তাদের সমস্যাকে অবহেলা করার সুযোগ নেই।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের রেমিট্যান্সযোদ্ধাদের এই অতি জরুরি সমস্যার দিকে দ্রুত নজর দিতে হবে এবং কার্যকর সমাধান নিশ্চিত করতে হবে।”

পোস্টে তিনি আরও বলেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, ইনশাআল্লাহ। আর তারা কষ্টে থাকলে তার প্রভাব দেশের ওপরও পড়বে, যা ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে।

ফেসবুক পোস্টের শেষে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া জানান জামায়াত আমির। তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পেছনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য এবং তারা সবসময় সম্মানের যোগ্য।