


কুবি প্রতিনিধি:
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজীরা। দেশে ফিরে আসার সময়টিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে হজযাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের দুই সদস্য । প্রতি বছরই ফিরতি হাজীদের সহযোগিতায় রোভার সদস্য প্রেরণ করে থাকে কুবি রোভার স্কাউট গ্রুপ।
চলতি বছর হজ ক্যাম্পে বাংলাদেশ স্কাউটস-এর আওতায় বিভিন্ন জেলা থেকে আসা রোভারদের সঙ্গে অংশ নিচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের দুই সদস্য— বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল মালেক আকাশ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাজিদুর রহমান। বাংলাদেশ স্কাউটস-এর ব্যবস্থাপনায় পরিচালিত হজ ক্যাম্প-২০২৫ এর ফিরতি কার্যক্রম শুরু হয়েছে চলতি বছরের ১০ জুন থেকে, যা চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। এরই ধারাবাহিকতায় কুবির এই দুই রোভার সদস্য গত ২৩ জুন থেকে ২৮ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
হজ ক্যাম্পে হাজীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারায় অনুভূতি জানিয়ে সাইফুল মালেক আকাশ বলেন, ‘ইসলামের অন্যতম স্তম্ভ হজ। এই পবিত্র ইবাদত শেষে দেশে ফেরা হাজীদের সেবা করতে পারা নিঃসন্দেহে আমার জীবনের এক মহামূল্যবান অভিজ্ঞতা। হজ ক্যাম্পে কাজ করে আমি নানা রকম অভিজ্ঞতা অর্জন করেছি। প্রতি বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এই মহৎ দায়িত্ব পালন করে থাকে। এবছর আমাকে এই সুযোগ দেয়ায় আমার ইউনিটের প্রতি আমি কৃতজ্ঞ।’
প্রথমবারের মতো হজ ক্যাম্পে দায়িত্ব পালন করছেন সাজিদুর রহমান। এই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘হজ ক্যাম্পে হাজীদের সেবা করার সুযোগ পাওয়া সত্যিই আনন্দের ও গর্বের। সম্মানিত হাজীদের পাশে থেকে কাজ করতে পারা এক অভূতপূর্ব অভিজ্ঞতা। আমি এখানে এসে অনেক কিছু শিখছি, নতুন অভিজ্ঞতা অর্জন করছি। আমার ইউনিটকে ধন্যবাদ জানাই আমাকে এই দায়িত্বের অংশীদার করার জন্য।’
এনিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া বলেন, ‘একজন রোভারের জীবনে সবচেয়ে বড় স্বপ্ন থাকে—জীবনে একবার হলেও হজ ক্যাম্পে হাজীদের সেবা করার সুযোগ পাওয়া। প্রতি বছরের মতো এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে সদস্যরা এই মহৎ দায়িত্ব পালন করছে। হজ ক্যাম্প -২০২৫ ফিরতি ফ্লাইটে হজযাত্রীদের সহযোগিতায় দায়িত্ব পালন করছেন আমাদের ইউনিটের সাইফুল মালেক আকাশ এবং সাজিদুর রহমান। তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সুনাম আরও বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতেও এভাবেই রোভাররা সেবার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে দেবে, এটাই আমাদের প্রত্যাশা।’