Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের প্রাণহানি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের প্রাণহানি

April 26, 2026 09:40:22 PM   জেলা প্রতিনিধি
গাইবান্ধায় পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের প্রাণহানি

গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) বিকেলে বৃষ্টির মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন এবং দুটি গবাদিপশু মারা গেছে।

সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে সবথেকে বড় দুর্ঘটনাটি ঘটে। সেখানে সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি মিয়া (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান হোসেন (২০) বাড়ির পাশের রাস্তায় থাকার সময় বজ্রপাতে মারা যান।

ফুলছড়ি উপজেলার জামিরা চরে বজ্রপাতে মানিক হোসেন (২২) নামের এক যুবক এবং তার সাথে থাকা একটি ঘোড়া মারা যায়। একই সময়ে সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান নম্বার আলী (৬৫) নামের এক বৃদ্ধ।

সুন্দরগঞ্জের ওই ঘটনায় শামীম নামের এক তরুণ আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বজ্রপাতে সাঘাটায় একটি গরুও মারা গেছে।

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সেই সময় তারা খোলা স্থানে থাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসিফুর রহমান এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হঠাৎ এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।