Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় নিয়ে যে সতর্কবার্তা দিলেন আবহাওয়াবিদ পলাশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় নিয়ে যে সতর্কবার্তা দিলেন আবহাওয়াবিদ পলাশ

April 26, 2026 09:28:19 PM   অনলাইন ডেস্ক
ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় নিয়ে যে সতর্কবার্তা দিলেন আবহাওয়াবিদ পলাশ

দেশজুড়ে তীব্র গরমের পর হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। এর মধ্যেই বরিশাল অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার প্রবল আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি বিশেষ করে নদীপথে চলাচলরত যাত্রীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) তিনি তার ফেসবুক পোস্টে এই সতর্কবার্তা দেন।

আবহাওয়াবিদ পলাশ জানান, সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। এই সময়টিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে তিনি নদীপথে চলাচল নিয়েও সতর্কতা জারি করেন।

তিনি বলেন, বিকেল ৬টা থেকে রাত ১০টার মধ্যে ঢাকা থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের উদ্দেশে যাত্রা করা লঞ্চগুলোকে বিশেষভাবে সাবধানে চলাচল করতে হবে। নিরাপত্তার স্বার্থে কিছু ক্ষেত্রে বিলম্বিত যাত্রার পরামর্শও দেন তিনি।

পলাশ আরও জানান, ঝড়টি বরিশাল অঞ্চলে প্রবেশ করতে পারে সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে এবং পুরো অঞ্চল অতিক্রম করতে রাত ১২টা পর্যন্ত সময় লাগতে পারে। একই কারণে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চগুলোকে রাত ১২টার পর যাত্রা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে আরও বলেন, এবারের কালবৈশাখীর সঙ্গে অত্যন্ত তীব্র বজ্রপাত হতে পারে, যা যাত্রীদের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি নদীপথে নৌযান দুর্ঘটনা বা জাহাজডুবির আশঙ্কাও রয়েছে।

সবশেষে তিনি সবাইকে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলাচলের আহ্বান জানান এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন।