Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়া সিটি করপোরেশন গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়া সিটি করপোরেশন গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি

May 16, 2026 07:26:28 PM   অনলাইন ডেস্ক
বগুড়া সিটি করপোরেশন গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি

বগুড়া প্রতিনিধি:
উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভাকে বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে ‘বগুড়া সিটি করপোরেশন’ প্রতিষ্ঠা করেছে সরকার। এ সংক্রান্ত একটি চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে নতুন সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিদ্যমান পৌরসভার ২১টি ওয়ার্ডের পাশাপাশি বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার বেশ কয়েকটি নতুন এলাকাকে এই সিটি করপোরেশনের আওতায় আনা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ৯টি ইউনিয়নের পুরো ও আংশিক এলাকা নতুন এই প্রশাসনিক কাঠামোতে যুক্ত হয়েছে। এর মধ্যে নিশিন্দারা, শাখারিয়া, আশেকপুর, ফাঁপোড়, এরুলিয়া ও মাঝিড়া ইউনিয়ন সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া রাজাপুর, মাদলা ও সাবগ্রাম ইউনিয়নের আংশিক এলাকা সিটি করপোরেশনে যুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী এই রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল। সীমানা নির্ধারণ এবং জনমত যাচাইয়ের জন্য সরকারের পক্ষ থেকে বগুড়ার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর জেলা প্রশাসক স্থানীয় পর্যায়ে গণশুনানি এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষ করে সরকারের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছিলেন। সেই প্রতিবেদনে সিটি করপোরেশন গঠনের পক্ষে জোরালো সুপারিশ ছিল। জেলা প্রশাসকের সেই প্রতিবেদন পর্যালোচনা করে সব আইনি প্রক্রিয়া শেষে সরকার এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আনন্দের ধরণ লক্ষ্য করা গেছে। নগর বিশেষজ্ঞরা আশা করছেন, এই নতুন প্রশাসনিক কাঠামোর ফলে পুরো অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে। পরিকল্পিত নগর পরিকল্পনা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে বগুড়া একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে উঠবে বলে তারা মনে করছেন। অবকাঠামোগত উন্নয়নের এই নতুন ধরণ এই অঞ্চলের নাগরিক সুবিধা আরও বৃদ্ধি করবে।

দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় বগুড়াবাসীর মধ্যে এখন এক নতুন উদ্দীপনা কাজ করছে। তারা একটি আধুনিক ও পরিকল্পিত শহর পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন।