Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাসে ফেলে আসা টাকা ও মোবাইল উদ্ধার, গাছা থানার প্রশংসায় শিক্ষার্থী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাসে ফেলে আসা টাকা ও মোবাইল উদ্ধার, গাছা থানার প্রশংসায় শিক্ষার্থী

May 04, 2026 11:58:03 AM   অনলাইন ডেস্ক
বাসে ফেলে আসা টাকা ও মোবাইল উদ্ধার, গাছা থানার প্রশংসায় শিক্ষার্থী

গাজীপুর সংবাদদাতা:
ঢাকা থেকে গাজীপুরে ফেরার পথে বাসে ভুলবশত ফেলে আসা নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশ। এ ঘটনায় প্রশংসায় ভাসছে গাছা থানা পুলিশ।

ভুক্তভোগী সামিয়া আক্তার ইউনাইটেড মেডিকেল কলেজ- এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত শুক্রবার (১ মে) তিনি ঢাকা থেকে গাজীপুরে ফিরছিলেন। যাত্রাপথে সাতাই বিআইপি পরিবহনের একটি বাসে ভুলক্রমে নিজের পার্স রেখে নেমে যান। পার্সে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল।

পরে বাসটি শনাক্ত করে তিনি পার্সে থাকা টাকা ও মোবাইল ফেরত চাইলে বাসের স্টাফরা বিষয়টি অস্বীকার করেন। এমনকি তাকে বিভিন্নভাবে হয়রানিরও অভিযোগ ওঠে।

পরবর্তীতে সামিয়া আক্তার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার শরণাপন্ন হন। অভিযোগ পাওয়ার পর গাছা থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। একপর্যায়ে বাসের স্টাফদের কাছ থেকে তার হারিয়ে যাওয়া টাকা ও মোবাইল উদ্ধার করে তার হাতে তুলে দেওয়া হয়।

গাছা থানার এ মানবিক ও পেশাদার উদ্যোগে উচ্ছ্বসিত সামিয়া আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, "স্যারদের সহযোগিতায় আমি আমার মোবাইল ফোন ও ১০ হাজার টাকা উদ্ধার করতে পেরেছি। অতি দ্রুত আমার সমস্যার সমাধান করায় তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে বাসের স্টাফদের কাছ থেকে শিক্ষার্থীর নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।