


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। তিনি দাবি করেন, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের বিদ্যমান স্বৈরতান্ত্রিক কাঠামোরও পরিবর্তন চান তারা। যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, বাড়ি থেকে দোয়া নিয়ে বের হতে হবে, কারণ দখলের চেষ্টা করলে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার সুযোগ নাও থাকতে পারে। তিনি ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা দেওয়ার কথাও উল্লেখ করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আগামীর বাংলাদেশ কোন পথে এগোবে, আগামী ১০০ বছর দেশের মানুষের ভাগ্যে কেমন রাষ্ট্র কাঠামো নির্ধারিত হবে, প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের চরিত্র কেমন হবে—তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে।
তার বক্তব্যে অতীত নির্বাচনের নানা অনিয়মের অভিযোগও তুলে ধরেন তিনি। বলেন, বিগত তিনটি নির্বাচনে এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআইকে টাকা দিতে হতো, এমনকি ভোটের আগের রাতে কনস্টেবলকেও খাম পাঠাতে হতো। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার কেউ কালো টাকার স্পর্শ করলে, ভোট ডাকাতির চেষ্টা করলে কিংবা জনগণের ভাগ্য নিয়ে খেলতে চাইলে পালানোর জায়গা পাবে না।
সভায় এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।