Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / মায়ের সুস্থতার আকুতি-মসজিদের দানবাক্সে সোনার দুল ও চিরকুটে আবেগঘন বার্তা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

মায়ের সুস্থতার আকুতি-মসজিদের দানবাক্সে সোনার দুল ও চিরকুটে আবেগঘন বার্তা

April 29, 2026 08:45:58 PM   অনলাইন ডেস্ক
মায়ের সুস্থতার আকুতি-মসজিদের দানবাক্সে সোনার দুল ও চিরকুটে আবেগঘন বার্তা

নীলফামারীর সৈয়দপুরে এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয়রা। একটি মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে এক জোড়া সোনার দুল, নগদ টাকা এবং একটি ছোট্ট চিরকুট—যেখানে অসুস্থ মায়ের জন্য সন্তানের নিঃশব্দ প্রার্থনা ফুটে উঠেছে। ঘটনাটি মানবিকতা ও ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

সৈয়দপুর শহরের সাহেবপাড়া (হানিফ মোড়) এলাকার মসজিদে আলীতে নিয়ম অনুযায়ী প্রতি দুই মাস পরপর দানবাক্স খোলা হয়। বুধবার (২৯ এপ্রিল) এমনই এক নিয়মিত কার্যক্রমে মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত থেকে দানবাক্স খুললে সামনে আসে ব্যতিক্রমী এক দানের গল্প।

দানবাক্সের ভেতরে একটি রঙিন কাগজে মোড়ানো অবস্থায় পাওয়া যায় এক জোড়া সোনার কানের দুল, সঙ্গে নগদ ৭ হাজার টাকা এবং একটি ছোট্ট চিরকুট। চিরকুটে লেখা ছিল—“আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করেন যেনো সুস্থ হয়ে যায়।” সংক্ষিপ্ত হলেও গভীর আবেগময় এই বাক্যটি মুহূর্তেই সবার হৃদয় ছুঁয়ে যায়।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাদা আলম জানান, দানবাক্স খোলার সময় এমন একটি আবেগঘন দান পেয়ে তারা বিস্মিত ও আপ্লুত হন। পরে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে দুলটির মূল্য যাচাই করে জানা যায়, এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।

মসজিদের ইমাম হাফেজ আখতার বলেন, “এটি শুধু একটি দান নয়, বরং এক সন্তানের মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অসহায়ত্বের প্রকাশ। আমরা দানের পরিমাণ নয়, এর পেছনের নিয়তকেই বড় করে দেখি। আল্লাহ যেন ওই সন্তানের মাকে সুস্থতা দান করেন।”

মসজিদ কমিটির সভাপতি ওমান গনীসহ অন্যান্য সদস্যরা জানান, এই দান মসজিদের উন্নয়ন কাজে ব্যবহৃত হবে। তবে এর আর্থিক মূল্য যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় বিষয় হলো এর পেছনের মানবিক গল্প, যা সমাজে সহমর্মিতা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নাম-পরিচয় অজানা সেই সন্তানের এই নীরব দান যেন মনে করিয়ে দেয়—মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এখনো অটুট, গভীর এবং নিঃস্বার্থ।