Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যার শিকার লিমনের মরদেহ দেশে ফিরল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যার শিকার লিমনের মরদেহ দেশে ফিরল

May 04, 2026 10:19:34 AM   দেশেরপত্র ডেস্ক
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যার শিকার লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। ফ্লোরিডায় তার মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।

সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে যুক্তরাষ্ট্র সময় শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয় বলে জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গত বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পা বে এলাকায় একটি ইসলামিক সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন, যারা শেষ শ্রদ্ধা জানান এই তরুণ গবেষককে।

লিমন ২৭ বছর বয়সী ছিলেন এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার ঘটনায় বিষয়টি প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়, এরপর বিষয়টি আলোচনায় আসে।

পরে তদন্তে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছ থেকে আবর্জনার ব্যাগের ভেতর লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

আদালতের নথি অনুযায়ী, মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং উদ্ধারকালে দেহে কোনো পোশাক ছিল না। এ ঘটনায় অভিযুক্ত আবুঘরবেহের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে এবং তার কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।