


বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য বদরুল আলম চৌধুরী শিপলুর ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। একটি চক্র ভুয়া অ্যাকাউন্ট খুলে তার পরিচয়ে পরিচিতজনদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে জানা গেছে।
নিজের দেওয়া তথ্য অনুযায়ী, একটি বাংলাদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া প্রোফাইল তৈরি করা হয়েছে, যেখানে তার ছবি ও নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রতারকরা বিশেষ করে পরিচিত ব্যক্তিদের কাছে মেসেজ পাঠিয়ে দাবি করছে, তিনি বিপদে আছেন এবং জরুরি ভিত্তিতে অর্থ প্রয়োজন।
এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে শিপলু বলেন, তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন না এবং তার কোনো বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নম্বরও নেই। তাই এ ধরনের কোনো নম্বর থেকে অর্থ চাওয়া হলে তা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণা বলে নিশ্চিত থাকতে বলেন তিনি।
তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো অবস্থাতেই এ ধরনের মেসেজে টাকা পাঠাবেন না, সন্দেহজনক মেসেজ পেলে সরাসরি তার আসল নম্বরে যোগাযোগ করে যাচাই করবেন, ভুয়া নম্বরগুলো দ্রুত ব্লক ও রিপোর্ট করবেন।
এই ঘটনায় আবারও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রতারণার ঝুঁকি সামনে এসেছে। প্রযুক্তি ব্যবহার করে পরিচয় ভুয়া করে অর্থ হাতিয়ে নেওয়ার এমন প্রবণতা বাড়ছে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা।