


ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মুফতি মামুনুর রশিদ কাসেমী। তিনি দাবি করেছেন, পারিবারিক সম্পর্কের জটিল সমীকরণে মাদানী এখন তার ‘শ্বশুর’ হয়ে গেছেন।
বুধবার (৬ মে) দুপুর ১২টা ২৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেন মুফতি কাসেমী। তিনি জানান, বিষয়টি অনেকের কাছে জটিল মনে হওয়ায় তিনি বিস্তারিতভাবে সম্পর্কের ব্যাখ্যা তুলে ধরছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, হাফেজ ইমাম উদ্দিন তার বড় চাচার জামাই হওয়ায় তিনি তার দুলাভাই। পরবর্তীতে ইমাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর মেয়ের সঙ্গে তার (কাসেমীর) বিয়ে হওয়ায় তিনি তার শ্বশুর হন। একইসঙ্গে পারিবারিক আরও কিছু সম্পর্কের সূত্র ধরে নতুন আত্মীয়তার বন্ধন তৈরি হয়েছে।
এরই মধ্যে মাওলানা রফিকুল ইসলাম মাদানীর সাম্প্রতিক বিয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাদানী হাফেজ ইমাম উদ্দিনের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেছেন। সে হিসেবে ইমাম উদ্দিন ও মাদানী এখন ভায়রা ভাই। এই সম্পর্কের সূত্র ধরেই কাসেমী মজার ছলে মন্তব্য করেন—“শ্বশুরের ভায়রা ভাই শ্বশুরই তো হবে”, অর্থাৎ মাদানীকেও তিনি নিজের শ্বশুর হিসেবে উল্লেখ করেন।
এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে মজার ছলে নিচ্ছেন, আবার কেউ কেউ এই জটিল সম্পর্কের ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তিও প্রকাশ করছেন। সব মিলিয়ে মাদানীর দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে অনলাইনে।