Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / দেশে ফিরল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশে ফিরল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ!

May 04, 2026 02:49:43 PM   অনলাইন ডেস্ক
দেশে ফিরল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ!

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। প্রিয়জনের মরদেহ দেখে তারা কান্নায় ভেঙে পড়েন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ নিজ গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নেওয়া হচ্ছে। সেখানে মাগরিবের নামাজের পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

লিমনের মামা মর্তুজা শেখ জসিম বলেন, “আমরা এই হত্যার ন্যায়বিচার চাই। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের কাছে আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে করে মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। সেখানে বাংলাদেশি কমিউনিটি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানাজায় অংশ নেন।

জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। পরে তদন্তে জানা যায়, তিনি হত্যাকাণ্ডের শিকার হন।

এ ঘটনায় তার রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা যায়, লিমনের মরদেহ ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায় এবং পরে বিভিন্ন স্থানে মরদেহের অংশ উদ্ধার করা হয়।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের একাধিক অভিযোগ আনা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।