


রাজধানীর পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকায় একটি বাসা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজন দম্পতি ও তাদের দুই সন্তান রয়েছে। ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ ছাড়াও সিআইডির ক্রাইম সিন ইউনিট উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তবে স্থানীয়দের বরাতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত সমস্যায় ভুগছিল। সেই হতাশা থেকে তারা আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।