


রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামে এক বিরল ঘটনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা শ্রী বিষ্ণু দাসের একটি গাভী থেকে এক চোখবিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বাছুরটির জন্ম হয়। জন্মের পরপরই বাছুরটির অস্বাভাবিক গঠন দেখে আশপাশের লোকজন বিস্মিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাছুরটির শরীরের অন্যান্য অংশ স্বাভাবিক থাকলেও মাথার মাঝখানে ছিল মাত্র একটি চোখ, যা জন্মগত ত্রুটির বিরল উদাহরণ।
পরে বাছুরটির নাড়ী কেটে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি মারা যায়। এতে মালিক শ্রী বিষ্ণু দাসসহ স্থানীয়দের মাঝে দুঃখের ছায়া নেমে আসে।
স্থানীয়রা ধারণা করছেন, এটি একটি জন্মগত ত্রুটির কারণে হতে পারে। এ ধরনের ঘটনা খুবই বিরল হলেও মাঝে মাঝে দেশের বিভিন্ন স্থানে এমন অস্বাভাবিক প্রাণীর জন্মের খবর পাওয়া যায়।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই বাছুরটি দেখতে ভিড় করেন। বিশেষজ্ঞদের মতে, প্রাণীর এমন জন্মগত বিকৃতি সাধারণত ভ্রূণের বিকাশজনিত সমস্যার কারণে হয়ে থাকে।
রাজবাড়ী জেলা প্রতিনিধি/বোরহান উদ্দিন