


বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনীতি বর্তমানে অবৈধ সুবিধা ও দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে। তিনি বলেন, রাজনীতি যেন পারিবারিক সম্পত্তি হয়ে গেছে, যেখানে "রাজার ছেলে রাজা হবে" এই ধারণা প্রচলিত। তবে তিনি এটি মানতে নারাজ এবং বলেন, যে কেউ যোগ্য ব্যক্তি এদেশের ভবিষ্যতের নেতৃত্ব দিতে পারবে।
ডা. শফিকুর রহমান আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন। পোস্টে তিনি আরও বলেন, তাদের পার্টি এমপিরা রাষ্ট্রের প্রদত্ত প্লট গ্রহণ করবেন না, রাষ্ট্রের বিলাসী গাড়ি ব্যবহার করবেন না এবং কোনো বিশেষ সুবিধা গ্রহণ করবেন না। পাশাপাশি এমপিদের পরিবারের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। তিনি এই বিষয়টিকে "লুটের লাইসেন্স গ্রহণ নয়, বরং রাষ্ট্রের দায়িত্ব আমানাত হিসেবে পালন" হিসেবে ব্যাখ্যা করেন।
তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়—কোনোটিই তারা করবে না এবং কাউকেও তা করতে দেবেন না। ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচন সুবিধাবাদীদের জন্য নয়, এটি খেটে খাওয়া সাধারণ মানুষের মুক্তির নির্বাচন।
জামায়াত আমিরের ভাষ্য অনুযায়ী, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে মায়েরা তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন না, যুবকদের কণ্ঠ রুদ্ধ হবে না, এবং অর্থের বিনিময়ে ন্যায়বিচার বিক্রি হবে না। তিনি বলেন, দেশের সর্বমেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে তারা আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য রাখছেন।