


রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে রাজশাহীর বোয়ালিয়ায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের রাজশাহী বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ হেযবুত তওহীদের সমন্বয়কারী মো. সাহারুল ইসলাম। তিনি বলেন, যুগে যুগে যত আন্দোলন-বিপ্লব হয়েছে, তার পেছনে তরুণদের আত্মত্যাগ ছিল সবচেয়ে বেশি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিপ্লব-পরবর্তী সময়ে তরুণরা পথ হারিয়ে ফেলে। কারণ তাদের সামনে কোনো সঠিক আদর্শ ছিল না।
সাহারুল ইসলাম বলেন, চলমান অন্যায়-অশান্তি থেকে মুক্তি পেতে হলে সঠিক আদর্শের ভিত্তিতে আরেকটি বিপ্লব করতে হবে। যে বিপ্লবের মূলমন্ত্র হবে- ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানব না’। এই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করতে তিনি তরুণদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের রাজশাহী বিভাগীয় সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও খুলনা বিভাগীয় সভাপতি জান্নাতুন নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম। তিনি বলেন, ‘তরুণদেরকে শপথ নিতে হবে, ছাত্ররাজনীতির নামে চলমান অপরাজনীতিতে আমরা একটা প্রাণও অপচয় করবো না। মানুষের তৈরি বাদ-মতবাদ প্রতিষ্ঠার জন্য আমরা আর এক ফোঁটা রক্তও ব্যয় করবো না। আমাদের প্রতি ফোঁটা রক্ত ব্যয় হবে আল্লাহর দীনকে বিজয়ী করার সংগ্রামে।’
এসময় তিনি হেযবুত তওহীদ ছাত্র ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরে বলেন, আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র-তরুণ জনতাকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছে এই ছাত্র সংগঠন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রাজশাহী আঞ্চলিক সভাপতি মো. সুজন আলী, জেলা সভাপতি মো. আরিফুজ্জামান গালিব, ছাত্র ফোরামের রাজশাহী জেলা সভাপতি মো. ওয়ালীদ শেখ, বগুড়া জেলা সভাপতি আবু হাসনাত, নাটোর জেলার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিপন প্রমুখ।