


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরে এক জ্যেষ্ঠ সাংবাদিকের সাথে কাস্টমস কমিশনারের খারাপ ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে কাউনিয়ার সাংবাদিক সমাজ। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কাউনিয়া বাসস্ট্যান্ডের পুলিশ বক্সের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দিনকালের রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। সেখানে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমান তার সাথে অত্যন্ত আপত্তিকর আচরণ করেন। তারা মনে করেন, এটি শুধু একজনের অপমান নয়, বরং পুরো সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করার একটি চেষ্টা।
প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সারোয়ার আলম মুকুল, আব্দুল কুদ্দুস বসুনীয়া, মিজানুর রহমান মিটুল, গোলাম আনসারী আজাদ ও মনিরুল ইসলাম মিন্টু। এছাড়া সভাপতি নিতাই রায়, আকরাম হোসেন অরেঞ্জ, ইব্রাহীম খলিল ও আতিকুল ইসলামসহ আরও অনেক সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন।
সমাবেশে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সম্মানের ওপর এমন আঘাত সরাসরি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন। দায়িত্ব পালনকালে সরকারি কর্মকর্তার এমন আচরণ অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা অবিলম্বে ওই কমিশনারের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিক নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, তাদের এই মানববন্ধন ঐক্যের প্রতীক। ন্যায়সঙ্গত দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ভবিষ্যতে কোনো কর্মকর্তা যাতে সাংবাদিকদের সাথে এমন আচরণ করার সাহস না পান, প্রশাসনকে সেটি নিশ্চিত করতে হবে।