


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পাঁচ দেশের সফরের শেষ পর্বে ইতালিতে পৌঁছালে সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সফরের এই গুরুত্বপূর্ণ ধাপে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মোদিকে “আমার বন্ধু” বলে সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাগত জানান। রোমের ঐতিহাসিক কলোসিয়ামের পটভূমিতে তোলা ছবি ও শুভেচ্ছা বার্তা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে পৌঁছান। এটি তাঁর পাঁচ দেশের সফরের পঞ্চম ও শেষ গন্তব্য, যার আগে তিনি নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন। এই সফরকে কেন্দ্র করে ভারত ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা করা হচ্ছে।
ইতালিতে পৌঁছানোর পর মোদিকে স্বাগত জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে উপস্থিত প্রবাসীরা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী মোদীর সম্মানে রোমে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্য ও সংগীত পরিবেশনা উপভোগ করেন তিনি। এই আয়োজন ভারতীয় সংস্কৃতির প্রতি ইতালির আগ্রহ ও সম্মানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ রোমের কলোসিয়ামের সামনে তোলা একটি ছবি পোস্ট করে মোদিকে স্বাগত জানান। সেখানে তিনি মোদিকে “আমার বন্ধু” বলে উল্লেখ করে লেখেন—রোমে স্বাগতম, আমার বন্ধু।

এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ভারত ও ইতালির সম্পর্ক নতুন গতি পেয়েছে। উভয় দেশ বর্তমানে “যৌথ কৌশলগত কর্ম পরিকল্পনা ২০২৫–২০২৯” বাস্তবায়নে কাজ করছে, যা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত–ইতালি বাণিজ্য ১৬.৭৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া ২০০০ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ইতালির মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ৩.৬৬ বিলিয়ন ডলার।
প্রধানমন্ত্রী মোদী তার সফরসূচিতে জানিয়েছেন, তিনি ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (IMEC) নিয়ে গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা -এর সদর দফতর পরিদর্শন করবেন, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি ভারতের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে বলে জানানো হয়েছে।
মোদী এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, এই সফরের মূল লক্ষ্য ভারত ও ইতালির মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করা এবং যৌথ কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি আনা।
সব মিলিয়ে মোদীর এই ইতালি সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস