Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / লক্ষ্মীপুর-৪, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত নিশ্চিত: জামায়াত প্রার্থী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লক্ষ্মীপুর-৪, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত নিশ্চিত: জামায়াত প্রার্থী

February 09, 2026 10:30:36 AM   অনলাইন ডেস্ক
লক্ষ্মীপুর-৪, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত নিশ্চিত: জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহর একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজ এলাকায় গণসংযোগের সময় তিনি বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, আর না দিলে গুনাহ হবে।” তার এই মন্তব্য নিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।


গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে হাফিজ উল্যাহ বলেন, মা-বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতার মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকলেও অনেক মানুষ সেগুলোর সুবিধা পান না। একইভাবে জেলে কার্ডসহ অন্যান্য সহায়তাও সবাই পায় না বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, একটি দল দীর্ঘদিন দুর্নীতি করেছে, আরেকটি দল অতীতে দুর্নীতি করেছে এবং আবারও করতে প্রস্তুত। তাদের দল ক্ষমতায় গেলে দুর্নীতি হবে না বলে তিনি দাবি করেন।


তিনি আরও বলেন, যদি ভোটাররা ইসলামের পক্ষে এবং কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে তারা সওয়াবের ভাগিদার হবেন এবং তাদের জন্য জান্নাত অবধারিত হবে। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেওয়া হয়, তাহলে তা গুনাহের কারণ হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগও তোলেন।


তার এমন বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্যটিকে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। ইমরান হোসেন শাকিল নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, না দিলে গুনাহ হবে—জামায়াত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ (নাউজুবিল্লাহ)।” শাহ আলম সম্রাট লিখেছেন, “দাঁড়িপাল্লার এমপি প্রার্থীরা জান্নাতের মালিকানা দাবি করে সবাইকে নিশ্চিত জান্নাত দেওয়ার কথা বলছে—নাউজুবিল্লাহ।”


আরেক ব্যবহারকারী মো. মাইন উদ্দীন লিখেছেন, “এভাবে দেশের সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। হাফিজ ভাই, যদি আপনি জান্নাতের টিকিট দিতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আমার প্রথম ভোট আপনাকেই দেব।”
লক্ষ্মীপুর-৪ আসনে মোট ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের খালেদ সাইফুল্লাহ (হাতপাখা), বাসদের অ্যাডভোকেট মিলন মণ্ডল (মই) এবং জামায়াতে ইসলামীর এ আর হাফিজ উল্যাহ (দাঁড়িপাল্লা)। চার প্রার্থীই নিজ নিজ প্রতীকে এলাকায় জোর প্রচার চালাচ্ছেন।