Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শীত নিবারণের আগুনেই পুড়ে প্রাণ গেল বৃদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শীত নিবারণের আগুনেই পুড়ে প্রাণ গেল বৃদ্ধার

December 13, 2025 04:03:07 PM   স্টাফ রিপোর্টার
শীত নিবারণের আগুনেই পুড়ে প্রাণ গেল বৃদ্ধার

তীব্র শীত থেকে বাঁচতে রাতে বিছানার পাশে মাটির পাত্রে (মালসা) কয়লার আগুন জ্বালিয়ে রেখেছিলেন। কিন্তু সেই আগুনেই পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম কামরুন নাহার (৮০)। তিনি ওই এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী। একমাত্র মেয়ে শ্বশুরবাড়িতে থাকায় বৃদ্ধা বাড়িতে একাই বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বয়সের ভারে ন্যুব্জ কামরুন নাহার শীতের তীব্রতা সহ্য করতে পারছিলেন না। ঘর উষ্ণ রাখতে তিনি রাতে ঘুমানোর সময় বিছানার পাশে মাটির মালসায় কয়লার আগুন রাখেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে অসাবধানতাবশত ওই মালসার আগুন বিছানায় ছড়িয়ে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে পুলিশ পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন পোহানোর পাত্র থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’