


দেশে তীব্র শীতের মধ্যেই আবহাওয়া নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় এবং বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কিছু স্থানে দুপুর পর্যন্তও বিরাজ করতে পারে। এই কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপথ এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্নের আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সারাদেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কুয়াশার কারণে শীতের অনুভূতি ধরে থাকবে। ঢাকায় উত্তরের বা উত্তর-পশ্চিমের দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে বাতাস বইছে এবং সকাল ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
পরবর্তী দুই দিন, বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় কুয়াশা বিরাজ করতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ২ ও ৩ জানুয়ারি সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে। তবে বর্ধিত পাঁচ দিনের শেষে তাপমাত্রা আবার কমতে পারে, যার ফলে জানুয়ারির শুরুতে শীত আরও তীব্র হতে পারে।