Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরিয়তপুরে চলন্ত অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরিয়তপুরে চলন্ত অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

November 17, 2025 01:31:30 PM   স্টাফ রিপোর্টার
শরিয়তপুরে চলন্ত অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার মোটরের সাথে ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামে এক নারীর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের দাইমিচর ভয়রা গ্রামের মোঃ আসাদ হাওলাদারের স্ত্রী। তাদের আয়মন নামে এক ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নাসিমা বেগম ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। সম্প্রতি ছেলের আকিকা অনুষ্ঠানের জন্য তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। সোমবার সকালে তিনি মুন্সীগঞ্জে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি কুতুবপুর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তার গায়ের ওড়না মোটরের সাথে পেঁচিয়ে যায়, এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, “আমি সকালে বাজারে যাওয়ার সময় দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে এসে দেখি, অটোরিকশার ভেতরে এক নারীর দেহ এবং পাশে রাস্তায় মাথা পড়ে আছে। আমি সাথে সাথে ডামুড্যা থানায় খবর দিই।”

নিহতের স্বামী মোঃ আসাদ হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলের আকিকার জন্য গত পরশু সে ঢাকা থেকে বাড়ি আসে। আজ সকালে আমার শ্বশুরবাড়ি মুন্সীগঞ্জ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটল। সকাল ৯টার একটু পর এক মহিলার ফোন পেয়ে এসে দেখি আমার স্ত্রী আর নেই। আমি এই ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার চাই।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজ উদ্দিন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। অটোরিকশার মোটরের সাথে বোরকার ওড়না পেঁচিয়ে ওই নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।”

পুলিশ জানিয়েছে, অটোরিকশাটির মালিক দক্ষিণ ডামুড্যা গ্রামের সাগর মাদবরের ছেলে শাওন মাদবর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।