


আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা জানিয়ে শরীয়তপুরে সুধী সমাবেশ করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। শুক্রবার বিকেলে শরীয়তপুর জেলা কার্যালয়ে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় আমির মো. শফিকুল আলম উখবা। তিনি বলেন, বর্তমানে যে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, তা মানুষকে কাঙ্ক্ষিত শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গণতন্ত্র মানুষের তৈরি একটি ব্যবস্থা। আর মানুষের তৈরি ব্যবস্থা কখনোই নির্ভুল হতে পারে না।
শফিকুল আলম আরও বলেন, কীভাবে রাষ্ট্র ও সমাজ পরিচালনা করলে মানুষ শান্তিতে থাকবে, রাষ্ট্রে ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, তার পূর্ণাঙ্গ বিধান দিয়ে আল্লাহ তাআলা একটি জীবনব্যবস্থা পাঠিয়েছেন; যার নাম ইসলাম। ইসলাম কোনো নিছক আচার-অনুষ্ঠানসর্বস্ব ধর্ম নয়, বরং এটি মানবজাতিকে পরিচালনার জন্য আল্লাহ প্রদত্ত একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এই জীবনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই রাসুলুল্লাহ (সা.) ও তার সাহাবীরা জাহেলিয়াতে নিমজ্জিত আরবকে আলোর পথে পরিচালিত করেছিলেন এবং যাবতীয় সংকট দূর করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। সেই একই জীবনব্যবস্থা এখনো মানুষকে শান্তি দিতে সক্ষম, যদি তা সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে কার্যকর করা হয়।
তিনি বলেন, বর্তমান আধুনিক রাষ্ট্রব্যবস্থায় ইসলামের বিধিবিধানকে কীভাবে কার্যকর করা যায়, তার পূর্ণাঙ্গ রূপরেখা হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক বইয়ে তুলে ধরেছেন। হেযবুত তওহীদের এই প্রস্তাব জনগণের সামনে তুলে ধরতে তিনি গণমাধ্যম ও সুধীজনদের সহযোগিতা প্রত্যাশা করেন।
হেযবুত তওহীদের শরীয়তপুর জেলা সভাপতি বায়েজিদ মালতের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত সুধীজন হেযবুত তওহীদের প্রস্তাবনাকে স্বাগত জানান এবং নিজেদের মতামত তুলে ধরেন।