


শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পুলিশের বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মনির মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
নড়িয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিতাই সাহার নেতৃত্বে একটি পুলিশ দল এই অভিযান পরিচালনা করে। আটককৃত মনির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মিরশাহ এলাকার মৃত আ. আজিজ মিয়ার ছেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মনির মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, তিনি নড়িয়া বাজার এলাকা থেকে নড়িয়া পৌরসভার লোনসিং এলাকার আলমগীর নামক এক ব্যক্তির কাছে উদ্ধারকৃত মাদকদ্রব্য পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্তত ২-৩ জন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে।