


কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। দেশের অন্যতম বৃহৎ এ ঈদ জামাতের ১৯৯তম আসরে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে চালু রাখা হবে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস।
বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠের উন্নয়ন, মুসল্লিদের যাতায়াত, স্বাস্থ্যসেবা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে দুই প্লাটুন বিজিবির পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, “শোলাকিয়ার ঈদ জামাত দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য যাতায়াত, ওজু, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।