Date: May 12, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / শিশু ফাহিমাকে যৌন নির্যাতনের ও হত্যা, আটক ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিশু ফাহিমাকে যৌন নির্যাতনের ও হত্যা, আটক ১

May 12, 2026 12:19:01 PM   অনলাইন ডেস্ক
শিশু ফাহিমাকে যৌন নির্যাতনের ও হত্যা, আটক ১

সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিশু ফাহিমাকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতনের পর হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা থানাঘেরাও ও তার বাড়িতে হামলা-ভাঙচুর চালায়।

সোমবার (১১ মে) রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে এবং সম্পর্কে নিহত শিশু ফাহিমার চাচা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হোসেন জানান, শিশু ফাহিমাকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন করা হয়। পরে তাকে হত্যা করে ওড়না দিয়ে পেঁচিয়ে মরদেহ একটি ব্যাগে রাখা হয়। সুযোগ বুঝে পরে বাড়ির পাশের পুকুরপাড় এলাকায় মরদেহ ফেলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত নিজেকে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলেও দাবি করেছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। সোমবার মধ্যরাতে শতাধিক মানুষ জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এবং দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে থানাহাজতে রাখা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

এর আগে গত বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে স্থানীয় একটি দোকানে বিস্কুট কিনতে বাড়ি থেকে বের হয় শিশু ফাহিমা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে শুক্রবার (৮ মে) সকালে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ। নিহত ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে।