


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। একই সঙ্গে দ্রুত নির্বাচনের সময়সূচি প্রকাশের আহ্বান জানিয়েছে এনসিপি নেতারা।
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। তারা জানান, এটি কেবল প্রথম ধাপের ঘোষণা। পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও পৌরসভার জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের প্রতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের সময়রেখা প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন ঘিরে জনগণের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোকেও প্রস্তুতির জন্য নির্দিষ্ট সময়সূচি প্রয়োজন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, এনসিপির ঘোষিত প্রার্থীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক পটভূমির মানুষ রয়েছেন। কেউ আগে বিএনপি বা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আবার অনেকেই আগে কখনো সক্রিয় রাজনীতিতে ছিলেন না।
তিনি আরও বলেন, এমন কিছু ব্যক্তিকেও প্রার্থী করা হয়েছে যারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে দলটির কর্মকাণ্ডে হতাশ হয়ে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন।
সারজিস আলমের ভাষ্য অনুযায়ী, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় পরিচয়ের চেয়ে গ্রহণযোগ্যতা ও জনসমর্থনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সব রাজনৈতিক পটভূমি থেকে যাচাই-বাছাই করে যাদের জনগণের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সঙ্গে সমন্বয়ের বিষয়ে প্রশ্ন করা হলে সারজিস আলম বলেন, আপাতত এনসিপি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কারণ দেশের প্রতিটি উপজেলায় জোটগতভাবে একক প্রার্থী নির্ধারণ করা বেশ জটিল।
তবে ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ ও পরিস্থিতি বিবেচনায় জোটগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির এই আগাম প্রস্তুতি দলটির সাংগঠনিক সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। নতুন দল হিসেবে মাঠপর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করতে এখন থেকেই তৎপরতা বাড়াচ্ছে তারা।