Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, বিদায় নিচ্ছেন প্রণয় ভার্মা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, বিদায় নিচ্ছেন প্রণয় ভার্মা

May 10, 2026 05:32:03 PM   দেশেরপত্র ডেস্ক
ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, বিদায় নিচ্ছেন প্রণয় ভার্মা

বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনে আসছে বড় পরিবর্তন। বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়ে আগামী জুনের মাঝামাঝিতে ঢাকায় আসছেন ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। দীর্ঘদিন পর একজন বর্ষীয়ান রাজনীতিককে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে নয়াদিল্লি, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুতি নিচ্ছেন ভারতের অভিজ্ঞ রাজনীতিক দীনেশ ত্রিবেদী। আগামী জুন মাসের মাঝামাঝিতে তিনি ঢাকায় এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বর্তমান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছেন। তার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। ফলে শিগগিরই বাংলাদেশ ছাড়বেন তিনি।

এরই ধারাবাহিকতায় গত এপ্রিলের শেষ দিকে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয় ভারত সরকার। এই নিয়োগকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ দীর্ঘ সময় পর ভারত কোনো ক্যারিয়ার কূটনীতিকের পরিবর্তে একজন সক্রিয় ও অভিজ্ঞ রাজনীতিককে ঢাকায় পাঠাচ্ছে।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের রাজনীতিতে সুপরিচিত একটি নাম। তিনি দেশটির সাবেক রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

২০১২ সালে রেল বাজেটে যাত্রী ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়ার পর রাজনৈতিক চাপের মুখে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল তাকে। সেই সময় বিষয়টি ভারতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

রেলমন্ত্রী ছাড়াও দীনেশ ত্রিবেদী ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের সংসদের দুই কক্ষ-লোকসভা ও রাজ্যসভা-উভয়ের সদস্য ছিলেন।

পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ত্রিবেদী দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে দলটি থেকে পদত্যাগ করেন তিনি। এরপর পরের মাসেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেন।

বিশ্লেষকদের মতে, দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক অভিজ্ঞতা ও দীর্ঘ সংসদীয় ক্যারিয়ার বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নতুন কূটনৈতিক গতি আনতে পারে। বিশেষ করে বাণিজ্য, সীমান্ত, আঞ্চলিক সহযোগিতা ও রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।