Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বায়রার সাবেক যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও কর্মী প্রেরণে ১০ শর্ত বাতিলের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার...

বায়রার সাবেক যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও কর্মী প্রেরণে ১০ শর্ত বাতিলের দাবি

November 19, 2025 07:01:01 PM   স্টাফ রিপোর্টার
বায়রার সাবেক যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও কর্মী প্রেরণে ১০ শর্ত বাতিলের দাবি

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও মামলাকারীর শাস্তি দাবি করেছে ‘বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট’। একইসঙ্গে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে আরোপিত ১০টি কঠিন শর্ত বাতিল এবং সৌদি আরবে সহজীকৃত প্রক্রিয়ায় ছাড়পত্র দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বায়রার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।

এম এ এইচ সেলিম বলেন, আসন্ন বায়রা নির্বাচনকে সামনে রেখে সিন্ডিকেটবিরোধী নেতৃত্বকে দমাতে মাফিয়া চক্র সক্রিয় হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে গত ৪ অক্টোবর বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে বনানী থানায় একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। মামলার বাদী ‘রুল ইন্টারন্যাশনাল’-এর মালিক রুবেল হোসেনের সঙ্গে ফখরুল ইসলামের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। এজাহারে উল্লিখিত অর্থের লেনদেন দেখানো হয়েছে সিন্ডিকেটের হোতা ও সাবেক এমপি বেনজির আহমেদের অফিসে। এছাড়া যেসব কর্মীর কথা বলা হয়েছে, তারা মূলত সিন্ডিকেট সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর এজেন্সির মাধ্যমে বিদেশ গিয়েছেন।

তিনি অভিযোগ করেন, ফখরুল ইসলাম যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্যই এই গায়েবি মামলা। তিনি অবিলম্বে এই মামলা প্রত্যাহার এবং বাদীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বায়রার সদস্যদের বিরুদ্ধে মামলা নেওয়ার আগে পুলিশকে যাচাই-বাছাই করার আহ্বান জানান।

মালয়েশিয়া শ্রমবাজার প্রসঙ্গে এম এ এইচ সেলিম বলেন, মন্ত্রণালয় থেকে রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর ১০ হাজার বর্গফুটের অফিস ও নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রসহ যেসব শর্ত চাপানো হয়েছে, তা সম্পূর্ণ অবাস্তব। নেপাল সরকার ইতোমধ্যেই মালয়েশিয়ার এমন শর্ত প্রত্যাখ্যান করেছে। এই শর্ত বহাল থাকলে মুষ্টিমেয় কিছু এজেন্সি ছাড়া বাকিরা ব্যবসা হারাবে এবং শ্রমবাজার আবারও সিন্ডিকেটের দখলে চলে যাবে। অভিবাসন ব্যয়ও বাড়বে। তাই অবিলম্বে এই ১০ শর্ত প্রত্যাহার করে সব বৈধ এজেন্সির জন্য বাজার উন্মুক্ত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সৌদি আরবের শ্রমবাজার টিকিয়ে রাখতে পূর্বের ন্যায় ১ থেকে ২৪টি ভিসা পর্যন্ত সত্যায়ন ছাড়া বহির্গমন ছাড়পত্র প্রদানের জোর দাবি জানানো হয়।