Date: April 24, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ২৩ দিন পরে কবর থেকে লাশ উদ্ধার: প্রধান সন্দেহভাজন ফারুক ঢাকা থেকে গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

২৩ দিন পরে কবর থেকে লাশ উদ্ধার: প্রধান সন্দেহভাজন ফারুক ঢাকা থেকে গ্রেপ্তার

April 24, 2026 12:26:04 AM   স্টাফ রিপোর্টার
২৩ দিন পরে কবর থেকে লাশ উদ্ধার: প্রধান সন্দেহভাজন ফারুক ঢাকা থেকে গ্রেপ্তার

শরীয়তপুরে নিখোঁজ হওয়ার ২৩ দিন পর এক ব্যক্তির লাশ তার মামাতো ভাইয়ের পুরাতন কবর থেকে উদ্ধারের ঘটনায় প্রধান সন্দেহভাজন ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। শরীয়তপুর জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে।

নিহত ব্যক্তির নাম মন্টু বেপারী ওরফে মনু বেপারী (৬০)। তিনি সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চর চটাং এলাকার মৃত সোনাই বেপারীর ছেলে। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মনু বেপারী গত ২৭ মার্চ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে নিখোঁজের ২০ দিন পর তার বোন মিনারা বেগম পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত ২০ এপ্রিল মনু বেপারীর তিন বছর আগে মারা যাওয়া মামাতো ভাইয়ের কবর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। স্থানীয়দের সন্দেহ হলে তারা কবরটি খুঁড়ে একজন মানুষের লাশের সন্ধান পায়। পরে খবর পেয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে লাশটি উদ্ধার করেন। স্বজনরা সেটি মনু বেপারীর লাশ বলে শনাক্ত করেন।
এই ঘটনার জানাজানি হওয়ার ঠিক এক দিন আগেই মনু বেপারীর মামাতো ভাইয়ের ছেলে ফারুক (৪৫) সপরিবারে এলাকা ছেড়ে পালিয়ে যান। এতে তার প্রতি পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ফারুকের অবস্থান নিশ্চিত করে এবং ঢাকার হাজারীবাগ থেকে তাকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ফারুকের বাড়ির পেছনে তার বাবার কবরেই মনু বেপারীর লাশ পাওয়া গেছে। এছাড়া ফারুকের ছেলের বাড়ির পাশে অসংলগ্ন মাটি ও নতুন গর্তের চিহ্ন দেখা গেছে। লাশ শনাক্ত হওয়ার ঠিক এক দিন আগে ফারুকের পালিয়ে যাওয়াও তার জড়িত থাকার বড় প্রমাণ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের আসল কারণ খুব দ্রুত বের করা হবে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এই মামলার তদন্ত চলছে এবং ফারুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শীঘ্রই হত্যার প্রকৃত রহস্য সবার সামনে তুলে ধরা হবে।