


নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে পুলিশের স্থাপিত ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে অগ্রসর হন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত গেজেট প্রকাশ না হওয়ায় তাদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তাদের দাবি, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং ঘরে ফিরবেন না।
সরকারি কর্মচারীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় বেতন কমিশন গঠন করা হলেও সেই কমিশনের সুপারিশ অনুযায়ী গেজেট প্রকাশ না হওয়ায় তারা বঞ্চনার শিকার হচ্ছেন। এতে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় আর্থিক চাপ বাড়ছে।
এদিন সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের সরকারি কর্মচারীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা যমুনার উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে পুলিশ ব্যারিকেড দিলে তা ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা।
এর আগে একই দাবিতে টানা তিনদিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। পরবর্তীতে বৃহস্পতিবার চার ঘণ্টার কর্মবিরতি কর্মসূচিও পালন করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।