Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / অক্ষয় তৃতীয়ায় কুয়াকাটায় সমুদ্রস্নানে ভক্তদের ঢল, মুখর সৈকতজুড়ে ধর্মীয় উৎসব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

অক্ষয় তৃতীয়ায় কুয়াকাটায় সমুদ্রস্নানে ভক্তদের ঢল, মুখর সৈকতজুড়ে ধর্মীয় উৎসব

April 20, 2026 01:11:27 PM   অনলাইন ডেস্ক
অক্ষয় তৃতীয়ায় কুয়াকাটায় সমুদ্রস্নানে ভক্তদের ঢল, মুখর সৈকতজুড়ে ধর্মীয় উৎসব

অক্ষয় তৃতীয়া উপলক্ষে পুণ্য অর্জনের আশায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত সমবেত হন কুয়াকাটা সমুদ্র সৈকতে। ভোর থেকেই শুরু হওয়া পূজা-অর্চনা, প্রার্থনা ও সমুদ্রস্নানে মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা।

সোমবার (২০ এপ্রিল) সকালে আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের আয়োজনে অক্ষয় তৃতীয়াব্রত সনাতন ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় কুয়াকাটায়। ভোর ৫টা থেকে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন এবং শ্রী শ্রী বিষ্ণু পূজার পর সমুদ্রস্নান বা গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীয়া সনাতন ও জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল বলে দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। একইসঙ্গে বিশ্বাস করা হয়, এই দিনেই বেদব্যাস ও গণেশ মহাভারত রচনার সূচনা করেন এবং সত্য যুগের সমাপ্তি ও ত্রেতা যুগের শুরু ঘটে। এছাড়া ভগীরথের প্রচেষ্টায় গঙ্গা দেবী পৃথিবীতে অবতরণের ঘটনাও এই দিনের সঙ্গে সম্পর্কিত বলে ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী হরপ্রিয়া দেবী এবং পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের সভাপতি এবং বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত ও ধর্মীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন রতন জ্যোতি দাস ব্রহ্মচারী।

প্রতিবছরের মতো এবারও এই পুণ্যতিথিকে কেন্দ্র করে কুয়াকাটা সৈকতে হাজারো ভক্তের সমাগম ঘটে। স্নান শেষে অনেককে পরিবার নিয়ে গীতা পাঠ, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। পুরো এলাকা ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।

পিরোজপুর থেকে আগত ভক্ত গৌর গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, অক্ষয় তৃতীয়ায় গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয় বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। এই দিনে ভগবান নারায়ণের আশীর্বাদ থাকে বলে জীবনের দুঃখ-কষ্ট দূর হয়ে সুখ-সমৃদ্ধি আসে বলে তিনি উল্লেখ করেন।

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন জানান, প্রতিবছরের মতো এবারও যথাযথ মর্যাদায় এই ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়েছে। ভক্তদের সুবিধার জন্য প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের জন্য সার্বিক সহায়তা নিশ্চিত করা হয়েছে।