


জয়পুরহাট সংবাদদাতা:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির ঠাকুরবাড়ীতে ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব সম্প্রীতি, মানবিকতা ও বিশ্বকল্যাণের বার্তা ছড়িয়ে দিয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় মাঙ্গলিক উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই ধর্মীয় আয়োজন বুধবার (২২ এপ্রিল) ভোগ মহোৎসবের মধ্য দিয়ে শেষ হয়। কয়েকদিনব্যাপী এই অনুষ্ঠানে ধর্মীয় ভক্তির পাশাপাশি এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ।
লীলা কীর্তন, আরতি, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত পরিবেশে হাজারো ভক্তের পাশাপাশি বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষও অংশ নেন। এতে প্রমাণিত হয় ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার; মানবতা ও সম্প্রীতিই আমাদের আসল পরিচয়।
অনুষ্ঠানের সভাপতি স্বপন বসাক বলেন, এই আয়োজন শুধু ধর্মীয় নয়, বরং মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করার একটি মাধ্যম। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং সমাজে শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে।
এই মহোৎসব যেন মনে করিয়ে দেয় ভিন্ন বিশ্বাস থাকলেও আমরা সবাই একই মানবতার বন্ধনে আবদ্ধ। সম্প্রীতি ও সহাবস্থানই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি।