Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / পর্দা থেকে বাস্তব-সাইয়ারা তারকার জীবনে একই ট্র্যাজেডি, দাদুকে হারালেন অনীত পাড্ডা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে স...

পর্দা থেকে বাস্তব-সাইয়ারা তারকার জীবনে একই ট্র্যাজেডি, দাদুকে হারালেন অনীত পাড্ডা

April 22, 2026 11:40:33 AM   বিনোদন ডেস্ক
পর্দা থেকে বাস্তব-সাইয়ারা তারকার জীবনে একই ট্র্যাজেডি, দাদুকে হারালেন অনীত পাড্ডা

পর্দায় যে গল্প দিয়ে দর্শকের হৃদয় ছুঁয়েছিলেন, বাস্তব জীবনেও যেন সেই একই বেদনাময় অভিজ্ঞতার মুখোমুখি হলেন ‘সাইয়ারা’খ্যাত অভিনেত্রী অনীতা পাড্ডা। অ্যালঝেইমার্স রোগে আক্রান্ত প্রিয় দাদুকে হারিয়ে গভীর শোক জানিয়েছেন তিনি। পর্দার চরিত্রের সঙ্গে বাস্তবের এই মিল তার জীবনে এনে দিয়েছে এক হৃদয়বিদারক অধ্যায়।

গত বছর মুক্তিপ্রাপ্ত সাইয়ারা সিনেমায় অনীত অভিনয় করেছিলেন এমন এক তরুণীর চরিত্রে, যিনি অ্যালঝেইমার্সে আক্রান্ত হয়ে ধীরে ধীরে স্মৃতি হারাতে থাকেন। সেই চরিত্র দর্শকদের আবেগাপ্লুত করেছিল। কিন্তু বাস্তবে যখন তার নিজের দাদুও একই রোগে আক্রান্ত হন, তখন বিষয়টি তার কাছে আরও গভীর ও ব্যক্তিগত হয়ে ওঠে।

দাদুর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় অনীত লিখেছেন, তার দাদুই ছিলেন জীবনের “একমাত্র ভালোবাসা”। তিনি বলেন, “তুমি হয়তো আমাদের মনে রাখতে পারোনি, কিন্তু তোমার স্মৃতি আমি কখনো ভুলব না।” একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দাদুর মতো ভালো মানুষ হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন।

জানা গেছে, অ্যালঝেইমার্সের কারণে অনীতের দাদু ধীরে ধীরে নিজের পরিচয় ও আশপাশের মানুষদের চিনতে ভুলে যেতে থাকেন। এমনকি এক সময় নিজের নামও মনে রাখতে পারতেন না। তবে বিস্ময়করভাবে, সাইয়ারা সিনেমার কিছু দৃশ্য দেখে তিনি অনীতকে চিনতে পেরেছিলেন—যা অভিনেত্রীর জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি হয়ে আছে।

এর আগে এক সাক্ষাৎকারে অনীত জানিয়েছিলেন, দাদুর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে অমূল্য। দাদুর ভালোবাসা, স্নেহ ও হাস্যোজ্জ্বল স্মৃতিগুলোই তাকে জীবনের কঠিন সময়েও শক্তি জোগায়।

পর্দায় পাওয়া সাফল্যের আনন্দ থাকলেও, ব্যক্তিগত জীবনের এই অপূরণীয় ক্ষতি অনীতকে ভেঙে দিয়েছে। প্রিয় মানুষটিকে হারানোর শোক তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে-জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আসলে সম্পর্ক আর স্মৃতিই।