


ভারতের বেঙ্গালুরুতে চুরির চেষ্টা করা এক ব্যক্তি উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি একজন অটোচালক। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি তিনি চোক্কানাহল্লি মেইন রোডের কাছে একটি আবাসিক বাড়ির সীমানার ভেতরে প্রবেশ করেন, উদ্দেশ্য ছিল বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করা।
বাড়ির বাসিন্দারা অনধিকার প্রবেশ নিয়ে প্রশ্ন করলে দুইপক্ষের মধ্যে তর্ক ও সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রথমে ওই দম্পতিকে মারধর করেন এবং ঘটনাস্থলে আরও দুই সহযোগীকে ডেকে আনে। তিনজন মিলে বাসিন্দাদের ওপর হামলা চালান। এই সংঘর্ষে অভিযুক্তের এক সহযোগী বিয়ার বোতল দিয়ে পুরুষ বাসিন্দার মাথায় আঘাত করেন, আর নারীর গালে কাঁচে কাটা যায়।
নারীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্তরা অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সংঘর্ষের সময় ভিড়ের মধ্যে থেকে এক অজ্ঞাত ব্যক্তি কাঠের কোনো বস্তু দিয়ে অভিযুক্তকে আঘাত করার অভিযোগও রয়েছে। পরে আহত ব্যক্তি চিকিৎসা নেন এবং তার ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্র: এনডিটিভি