


জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শিশুর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তি ছাইদুর রহমান (৪৫) উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাঁকোয়া পাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
অভিযোগ অনুযায়ী, গত ২৬ এপ্রিল দুপুরে অভিযুক্ত শিক্ষক নিজের বাড়িতে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি কোনোভাবে সেখান থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে ফিরে আসে এবং বিষয়টি পরিবারকে জানায়। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন।
থানা সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।