


জামায়াত আমির শফিকুর রহমানের নির্বাচন-সম্পর্কিত মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, দেশি-বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ইতিবাচক মত দিয়েছেন এবং এটি ছিল বাংলাদেশের অন্যতম সুষ্ঠু নির্বাচন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জামায়াত আমিরের মন্তব্যের তীব্র সমালোচনা করেন।
মির্জা ফখরুল বলেন, “জামায়াতের আমির শফিকুর রহমান ও তার দল কখনোই বাস্তব ও সুষ্ঠুভাবে চিন্তা করে না।” তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও দেশীয় পর্যবেক্ষকরা একমত হয়েছেন যে, এবারের নির্বাচন ছিল অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।
তিনি দাবি করেন, বিএনপি জনগণের সমর্থনের ভিত্তিতে ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। তাই নির্বাচন নিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, দেশে একটি মহল বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির পাঁয়তারা চলছে। তিনি সতর্ক করে বলেন, ৫ আগস্টের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, অতীত ইতিহাসে জনগণ যেসব রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করেছে, তারা এখনো বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এসব অপচেষ্টা মোকাবিলা করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।