Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস

April 25, 2026 08:40:13 PM   অনলাইন ডেস্ক
আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য আবহাওয়ার এই পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। ফলে কিছুটা স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ।

অন্যদিকে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় বর্তমানে মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে এসব এলাকার কিছু স্থানে তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে।

আগামী একদিন দেশের আবহাওয়া থাকবে মিশ্র—কোথাও বৃষ্টি, কোথাও ঝড়ো হাওয়া এবং কিছু অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।