


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় ব্যবধানে এগিয়ে থাকার প্রেক্ষাপটে দলীয় কর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই জয়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে প্রথম প্রতিক্রিয়ায় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড অর্জন সম্ভব হতো না প্রজন্মের পর প্রজন্ম ধরে দলের অসংখ্য কর্মীর নিরলস পরিশ্রম ও সংগ্রাম ছাড়া।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে যারা কঠোর পরিশ্রম করেছেন, প্রতিকূলতা মোকাবিলা করেছেন এবং দলের উন্নয়নমূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন—এই জয় তাদেরই পরিশ্রমের ফল। মোদি পোস্টে দলের কর্মীদের ‘স্যালুট’ জানান এবং বলেন, তারাই বিজেপির আসল শক্তি।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোট গণনায় ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে আছে।
এই ফলাফলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী বিজেপির এই অগ্রগতি রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস