Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকা টোল আদায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকা টোল আদায়

March 17, 2026 12:40:13 PM   দেশেরপত্র ডেস্ক
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকা টোল আদায়

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু যমুনা সেতু -তে বেড়েছে যানবাহনের চাপ। রোববার (১৫ মার্চ) রাত থেকে সোমবার (১৬ মার্চ) রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে পারাপার করেছে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন।

এই সময়ের মধ্যে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা, যা ঈদ মৌসুমে বাড়তি চাপেরই প্রতিফলন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছর ঈদের আগে ও পরে যমুনা সেতুতে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় এবং টোল আদায়ও প্রায় দ্বিগুণ হয়ে যায়।

পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব পাড় থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ১০০ টাকা। পূর্ব পাড় দিয়ে ২০ হাজার ৭৫টি এবং পশ্চিম পাড় দিয়ে ১৫ হাজার ৫৮৩টি যানবাহন পারাপার করেছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদকে ঘিরে প্রতিদিনই যানবাহনের চাপ বাড়ছে। আগামী দুই দিন এই চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতু এলাকায় অতিরিক্ত নজরদারি ও ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।