


ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৬ মে) নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (৮ মে) বিকেলে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেপ্তার দুই নারী হলেন— ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাফর আলী সিদ্দিকের মেয়ে পারুল বেগম (২৮) এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মৃত সিদ্দিক আলীর মেয়ে রুবি আক্তার (২৫)। তারা ময়মনসিংহ নগরীতে ভাসমানভাবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাল টাকা তৈরি ও বাজারে ছড়িয়ে দিচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়। পরে দুই নারী সদস্যকে আটক করে তাদের কাছ থেকে ৬০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই নারী জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে ছাড়ার উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থান থেকে তারা জাল নোট সংগ্রহ করেছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, রুবি আক্তারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে আগেও দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বলেন, জাল টাকাসহ দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কারা জড়িত এবং কোথায় কীভাবে জাল টাকা তৈরি করা হচ্ছে, তা উদ্ঘাটনে কাজ চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে একটি সক্রিয় জাল নোট চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।