


সোনার দাম যখন বৈশ্বিক বাজারে রেকর্ড উচ্চতায়, ঠিক সেই সময়েই চীন দেশে আবিষ্কৃত হলো ইতিহাসের বৃহত্তম একক সোনার মজুত। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দাদোংগৌ এলাকায় আবিষ্কৃত এই মজুতটিতে প্রমাণিত সোনার রিজার্ভ রয়েছে ১ হাজার ৪৪৪ টন। ১৯৪৯ সালের পর এটিই চীনে পাওয়া সবচেয়ে বড় একক সোনার মজুত।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দাদোংগৌ মজুতটিকে একটি সুপার-লার্জ ওপেন-পিট মাইন হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে—অর্থাৎ বিশাল, উন্মুক্ত গর্তের খনি। মজুতটির বাজারমূল্য ১৬৬ বিলিয়ন ইউরোরও বেশি। এটি মোট ২ দশমিক ৫৮৬ মিলিয়ন টন আকরিক ধারণ করছে, যেখানে প্রতি টনে সোনার পরিমাণ ০ দশমিক ৫৬ গ্রাম।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, রাষ্ট্রায়ত্ত লিয়াওনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপ প্রায় এক হাজার কর্মীকে কাজে লাগিয়ে মাত্র ১৫ মাসে এই অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে। যদিও খনিটি তুলনামূলক কম গ্রেডের, তবে এটি প্রাথমিক অর্থনৈতিক সম্ভাব্যতা মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে।
এই আবিষ্কার এমন সময় সামনে এলো যখন চীনে সোনার চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দুর্বল ডলার, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং উদীয়মান অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ বৈচিত্র্যকরণ লক্ষ্যে সোনা কেনার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। এই প্রেক্ষাপটে চীনের নতুন এ বিশাল মজুত দেশটির সোনা বাজার ও রিজার্ভ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করেছেঞ