Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের, যুদ্ধবিরতির তাগিদ শি জিনপিংয়ের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের, যুদ্ধবিরতির তাগিদ শি জিনপিংয়ের

April 20, 2026 10:45:22 PM   আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের, যুদ্ধবিরতির তাগিদ শি জিনপিংয়ের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রথমবার সরাসরি অবস্থান জানিয়ে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দ্রুত স্বাভাবিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে শি জিনপিং এ মন্তব্য করেন। তিনি বলেন, হরমুজ প্রণালি সব সময় আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত থাকা উচিত।

যদিও এ বিষয়ে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র বা ইরানের নাম উল্লেখ করেননি, তবে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তার বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন তাৎক্ষণিক ও সর্বাত্মক যুদ্ধবিরতি চায় এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দেবে।

এর আগে যুক্তরাষ্ট্রের মাধ্যমে একটি ইরানি জাহাজ ‘জোরপূর্বক আটক’ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই শির এই বক্তব্য আসে, যা পরিস্থিতির প্রতি বেইজিংয়ের উদ্বেগকে আরও স্পষ্ট করে।

গত সপ্তাহেও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন শি জিনপিং। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। একই সময়ে আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনায় তিনি বলেন, বিশ্বকে ‘জঙ্গলের আইনে’ ফিরে যেতে দেওয়া যাবে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শি জিনপিং তাকে একটি ‘সুন্দর চিঠি’ পাঠিয়েছেন, যেখানে চীন ইরানে অস্ত্র সরবরাহ করছে না বলে আশ্বাস দেওয়া হয়েছে। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে চীন ইতিবাচক অবস্থানে রয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। তথ্য বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরান থেকে রপ্তানিকৃত তেলের ৮০ শতাংশেরও বেশি চীন আমদানি করেছে, যা দেশটিকে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতায় পরিণত করেছে।

হরমুজ প্রণালি নিয়ে চীনের এই অবস্থান এবং যুদ্ধবিরতির আহ্বান মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন কূটনৈতিক মাত্রা যোগ করেছে।