Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ৪৮ বছরের আজানের সুর থেমে গেল, আল আকসার মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ আর নেই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

৪৮ বছরের আজানের সুর থেমে গেল, আল আকসার মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ আর নেই

April 20, 2026 10:03:38 PM   আন্তর্জাতিক ডেস্ক
৪৮ বছরের আজানের সুর থেমে গেল, আল আকসার মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ আর নেই

পবিত্র মসজিদ আল আকসায় প্রায় পাঁচ দশক ধরে আজান দিয়ে আসা মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ আর নেই। তার সুমধুর কণ্ঠে ভেসে ওঠা আজান জেরুজালেমসহ বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ধর্মপ্রাণ মানুষের মাঝে।

শায়েখ নাজি আল কাজ্জাজ (৬৬) শনিবার (১৮ এপ্রিল) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন রোববার (১৯ এপ্রিল) আল আকসা মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

জেরুজালেমের বাব আল সিলসিলা এলাকায় জন্মগ্রহণ করা নাজি আল কাজ্জাজ ছোটবেলা থেকেই আল আকসার পরিবেশে বেড়ে ওঠেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ১৯৭৮ সালে অল্প বয়সেই তিনি মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তার পরিবার বহু প্রজন্ম ধরে আল আকসা মসজিদে আজান দেওয়ার জন্য পরিচিত। সেই ঐতিহ্য তিনি নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে বহন করেছেন দীর্ঘ ৪৮ বছর। তার কণ্ঠে উচ্চারিত আজান শুধু একটি ধর্মীয় আহ্বানই ছিল না, বরং জেরুজালেমের আধ্যাত্মিক পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।

মিসরের ধর্মবিষয়ক মন্ত্রী ওসামা আল আজহারি এক শোকবার্তায় বলেন, শায়েখ নাজি আল কাজ্জাজ তার জীবন আল আকসার সেবায় উৎসর্গ করেছিলেন। তার কণ্ঠ বহু বছর ধরে মুসল্লি ও দর্শনার্থীদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে।

তিনি আরও উল্লেখ করেন, শায়েখ কাজ্জাজ ছিলেন আন্তরিকতা, নিষ্ঠা ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। তার কণ্ঠ আল আকসার চেতনা ও পরিচয়ের জীবন্ত প্রতিফলন হিসেবে বিবেচিত হতো।

তার মৃত্যুতে শুধু জেরুজালেম নয়, গোটা মুসলিম বিশ্বে শোকের আবহ তৈরি হয়েছে। তার রেখে যাওয়া আজানের সুর স্মৃতিতে বেঁচে থাকবে দীর্ঘদিন।